
গুজরাটে মেয়ে ও তাঁর প্রেমিককে খুন করে দেহ কুয়োয় ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে বাবা-র বিরুদ্ধে। যদিও শেষ পর্যন্ত পুলিশি তদন্তে ধরা পড়েছেন অভিযুক্ত। অভিযুক্ত ব্যক্তির ১৯ বছরের মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল ছোটে আঙ্গিয়ার।
এই পরিবারিক কলহের মধ্যে ৩ ফেব্রুয়ারি বাড়ি ছেড়ে পালিয়ে যায় যুগল। এর পরেই তাঁদের খুনের ষড়যন্ত্র করেন অভিযুক্ত। তিনি ফোনে যোগাযোগ করেন মেয়ের সঙ্গে। রাগ না দেখিয়ে অশান্তি মিটিয়ে নেওয়ার আশ্বাস দেন। বাবার কথায় রাজি হয়ে কোটড়া এবং খাম্বালার মাঝামাঝি এক নির্জন স্থানে দেখা করতে আসেন ওই যুগল। অভিযোগ, সে সময়ই দু’জনকে শ্বাসরোধ করে খুন করেন অভিযুক্ত।
খুনের পর দু’জনের দেহ ১০০ ফুট গভীর এক কুয়োয় ফেলে দেন অভিযুক্ত। এর পর পরিকল্পনা মতো চোখেমুখে আতঙ্কের ভাব এনে স্থানীয় থানায় মেয়ের নিখোঁজ ডায়েরি করেন।








