রিলস-র নামে পুলিশের মেয়েকে ধর্ষণ, গ্রেফতার বাবা-ছেলে

0
315
ছবি সৌজন্যে : নিজস্ব

রিলস বানানোর নামে পুলিশকর্মীর মেয়ের গোপন ভিডিও তুলে দিনের পর দিন ধর্ষণের অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তর ২৪ পরগনার হাড়োয়ার ঘটনা প্রকাশ্যে আসতে শোরগোল পড়েছে। জানা গিয়েছে নির্যাতিতার বাবা কলকাতা পুলিশে কর্মরত।

হাড়োয়ার মোহনপুরের বাসিন্দা অভিযুক্ত অরবিন্দ মণ্ডলের এলাকাতেই বাড়ি পুলিশকর্মীর। ইউটিউবার অরবিন্দ মণ্ডল এবং তাঁর ছেলে কিশোরীকে রিলস বানানোর নাম করে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়েছিলেন। কিশোরীর পরিবারও আপত্তি তোলেনি। অভিযোগ রিলস বানানোর নামে নাবালিকার আপত্তিকর ভিডিও তুলে ব্ল‍্যাকমেল শুরু করে। অভিযোগ অরবিন্দ ও তাঁর নাবালক ছেলে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে।

ভয়ে কিছু না বললেও শুক্রবার পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। এরপরেই বাবা-ছেলের বিরুদ্ধে হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার পরিবার। এরপরেই রবিবার সকালে ইউটিউবার অরবিন্দ মণ্ডল এবং তার ছেলেকে গ্রেফতার করে পুলিশ।