
স্মার্টফোন না পেয়ে অভিমানে আত্মঘাতী হয়েছে এক কিশোর, সন্তানের ইচ্ছা পূরণ করতে ব্যর্থ হওয়ায় সেই দড়িতেই আত্মঘাতী হয়েছেন বাবাও। এমনই মর্মান্তিক ঘটনার ছবি উঠে এসেছে মহারাষ্ট্রের নান্দেরে।
বৃহস্পতিবার সকালে গাছে একই দড়িতে বাবা এবং ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার করেন স্থানীয়েরা। পুলিশ সূত্রে খবর, স্মার্টফোন কিনে দেওয়ার জন্য গত কয়েক দিন ধরে বাবার কাছে আবদার করছিল ওই কিশোর। তখন বাবা জানিয়ে দেন, চাষের জন্য নেওয়া ঋণের টাকা শোধ করতে হচ্ছে। ফলে খুব টানাটানির মধ্যে সংসার চলছে। তাঁর কাছে টাকা নেই। বাবার কাছে থেকে আশাব্যঞ্জক উত্তর না পেয়ে হতাশ হয়েছিল কিশোর। তার পরই বাড়ি থেকে বেরিয়ে যায় সে। রাত হয়ে যাওয়ায় বাড়ি না ফেরায় কিশোরের বাবা-মা ভেবেছিলেন হয়তো খামারবাড়িতে শুয়ে রয়েছে ছেলে। সকাল হয়ে যাওয়ার পরেও না ফেরায় সন্দেহ হয় তাঁদের।
খামারবাড়িতে গিয়ে দেখেন গাছ থেকে কিশোরের দেহ ঝুলছে। এই দৃশ্য দেখে নিজেকে স্থির রাখতে পারেননি কিশোরের বাবা। তার দেহ গাছ থেকে নামানো হয়। সকলে যখন কিশোরকে নিয়ে ব্যস্ত, সেই সময়ে ওই দড়ি দিয়েই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি।








