
জমি বিবাদের জেরে নিউটাউনে বাবা-ছেলেকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় গুরুতর জখম পরিবারের গৃহবধূ। তিনি হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন। এই রক্তাক্ত ঘটনায় যুক্ত থাকার সন্দেহে ইতিমধ্যেই কয়েকজন-কে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৃত মোজাফফর মিস্ত্রি ওরফে মনা এবং তাঁর ছেলে বাপি মিস্ত্রি। পাথরঘাটা এলাকায় মিস্ত্রি পরিবারের একটি বিতর্কিত জমি নিয়ে দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছিল। সোমবার সেই জমিতে অন্য পক্ষ নির্মাণকাজ শুরু করলে মনা মিস্ত্রি ও তাঁর পরিবার তাতে বাধা দিতে যান। অভিযোগ, বাধা দেওয়া মাত্রই বিপক্ষ গোষ্ঠী আরও আক্রমণাত্মক হয়ে ওঠে এবং ধারালো অস্ত্র উঁচিয়ে তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে।
দুষ্কৃতীরা রামদা ও ধারালো অস্ত্র দিয়ে মনা, তাঁর ছেলে বাপি এবং স্ত্রীকে লক্ষ্য করে এলোপাথাড়ি কোপাতে থাকে। অস্ত্রের আঘাতে রক্তাক্ত অবস্থায় তিনজনই মাটিতে লুটিয়ে পড়েন। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ওই মহিলা।
