
কলকাতায় জোড়া পথ দুর্ঘটনা। মঙ্গলবার গভীর রাতে ইএম বাইপাসে বেপরোয়া গতির বলি এক বাইক আরোহী। অন্যদিকে, বুধবার সকালে রেড রোডে আরও এক গাড়ি ধাক্কা মারে বিদ্যুতের খুঁটি ও গাছে।
জখম হন গাড়িতে থাকা দু’জন। গাড়ির ধাক্কায় এক পথচারীও আহত হয়েছেন বলে খবর। জানা গিয়েছে, মঙ্গলবার রাত ২টোর সময় কালিকাপুরের কাছে ইএম বাইপাসের উপর পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অলোকেশ হালদার নামে এক যুবকের। অন্য দিকে, বুধবার সকালে রেড রোডে একটি বেপরোয়া গাড়ি সজোরে ধাক্কা মারে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে। তার পরে কিছুটা এগিয়ে গিয়ে একটি গাছেও ধাক্কা মারে সেটি।
দুর্ঘটনায় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়েছে। গাড়ির মধ্যে থেকে গুরুতর জখম অবস্থায় দু’জনকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানেই তাঁরা চিকিৎসাধীন।
