
দুই পুত্রকে বালতির জলে ডুবিয়ে খুন করে আত্মঘাতী বাবা। এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায়। বাড়ির শৌচাগার থেকে ওই দুই শিশুর দেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ৩৫ বছরের যুবক একটি তেলের সংস্থায় কর্মরত ছিলেন। তাঁর দুই পুত্রের এক জন প্রথম শ্রেণিতে এবং অন্য জন ইউকেজি-তে পড়ত। তাদের বয়স যথাক্রমে ছয় এবং সাত বছর।
অভিযোগ, তাদের হাত-পা বেঁধে বালতির জলে ডুবিয়ে খুন করেছেন যুবক। তার পর ঘরে নিজে গলায় দড়ি দিয়েছেন। একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। তাতে ছেলেদের স্কুলের খারাপ ফলের কারণে হতাশার কথা লেখা ছিল। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় থানার ইনস্পেক্টর বি পেড্ডিরাজু বলেছেন, সন্তানদের পড়াশোনা নিয়ে চিন্তিত ছিলেন দম্পতি। কিছু দিন আগে ভাল ফলের আশায় স্কুলও বদলেছিলেন। তার পরেও উন্নতি হয়নি দুই পুত্রের।








