রাধিকা-খুনে বাবার বক্তব্যে ধন্দে পুলিশ 

0
216
ছবি সৌজন্যে : এক্স

কন্যার উপার্জনে খেতে হচ্ছে, পড়শি আর আত্মীয়দের এই কটাক্ষ তাঁর আত্মসম্মানে আঘাত করছিল। কন্যা রাধিকাকে খুনের জন্য এই বিষয়টিকেই কারণ হিসাবে পুলিশের কাছে বাবা,দীপক যাদব দেখাতে চেয়েছেন ঠিকই, তবে আত্মীয় এবং পড়শিরা কিন্তু দীপকের এই দাবিকে মানতেই চাইছেন না। তাঁদের পাল্টা দাবি, দীপকের যে বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে, মেয়ের উপার্জনে বসে খাওয়ার প্রয়োজনই পড়ে না।

আর এখান থেকেই সন্দেহ বাড়ছে, তা হলে কি রাধিকাকে খুনের নেপথ্যে অন্য কোনও কারণ আছে? যাদব পরিবারের ঘনিষ্ঠ এবং আত্মীয়েরা কিন্তু তেমনই ইঙ্গিত দিচ্ছেন।এক আত্মীয় জানিয়েছেন, বিপুল সম্পত্তির মালিক দীপক যাদব। গুরুগ্রামে কয়েক কোটি টাকার সম্পত্তি রয়েছে তাঁর। সেই সম্পত্তি থেকেই মাসে ১৫-১৭ লক্ষ টাকা আয় করেন দীপক যাদব। শুধু তা-ই নয়, তাঁর বিলাসবহুল খামারবাড়িও রয়েছে। তা হলে কেন খুন হতে হল রাধিকাকে? আত্মীয়রা আরও জানিয়েছেন,দীপক যাদব খুব মিশুকে এবং মৃদুভাষী। রাধিকাকে টেনিস খেলানোর জন্য নিজের উচ্চশিক্ষার ইচ্ছাকেও বিসর্জন দিয়েছেন। শুধু তা-ই নয়, রাধিকা যাদব ছিলেন দীপকের নয়নের মণি। ফলে যে ব্যক্তি কন্যার জন্য নিজের কেরিয়ারকেও বিসর্জন দিতে কুণ্ঠা করেননি, সেই ব্যক্তি শুধুমাত্র কটাক্ষের জেরে কন্যাকে খুন করলেন,এই যুক্তি মানতে চাইছেন না প্রতিবেশীরাও।

প্রসঙ্গত, দু দিন আগে সকালে বাড়িতে রাধিকা যাদবকে গুলি করে খুন করার অভিযোগ ওঠে তাঁর বাবা দীপকের বিরুদ্ধে। রাধিকাকে পর পর পাঁচটি গুলি করেন তিনি। দু’টি গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও তিনটি গুলি রাধিকার পিঠ ফুঁড়ে বেরিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় হরিয়ানার টেনিস খেলোয়াড় রাধিকার।