
বছর দুয়েক আগে নিজের ছ’বছরের সন্তানকে খুনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সেই থেকে ভারতে আত্মগোপন করেছিলেন সিন্ডি রদ্রিগেজ সিং। মার্কিন মুলুকের টেক্সাসের সেই অভিযুক্তকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে এফবিআই।
সিন্ডির গ্রেফতারির খবরটি নিশ্চিত করেছেন এফবিআই-এর ডিরেক্টর কাশ প্যাটেল। অভিযোগ, ২০২৩ সালে নিজের ছ’বছরের ছেলে নোয়েল রদ্রিগেজ আলভারেজকে খুন করেছিলেন সিন্ডি। তার পর গা-ঢাকা দিয়েছিলেন ভারতে। ১০ বছরের কম বয়সি কাউকে খুনের অপরাধে টেক্সাস স্টেট পরোয়ানা এবং গ্রেফতারি এড়াতে পালিয়ে বেড়ানোর অভিযোগে ফেডারেল পরোয়ানা জারি করা হয়েছিল সিন্ডির বিরুদ্ধে।
২০২৪ সালের অক্টোবর মাসে তাঁর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করে ইন্টারপোল। তা ছাড়া, ভারত সরকারের কাছে সিন্ডিকে প্রত্যর্পণের আবেদনও জানানো হয়। দু’বছর পর শেষমেশ বৃহস্পতিবার ধরা পড়েছেন তিনি।
