
এসআইআর নিয়ে আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর অভিযোগ উঠেছে এ বার হুগলির ডানকুনিতে। মৃতা বছর ৬০-র হাসিনা বেগম।
তিনি ডানকুনি পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয় সূত্রে দাবি, রাজ্যে এসআইআর নিয়ে তৎপরতা বাড়তেই অসুস্থ হয়ে পড়েছিলেন হাসিনা বেগম। দাবি, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়েও যাওয়া হয়েছিল। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানে বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মেয়ের সঙ্গে একটি বাড়িতে ভাড়া থাকতেন বৃদ্ধা। স্থানীয়দের দাবি, ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম ছিল না। সেই কারণে তিনি বেশ চিন্তায় ছিলেন। বৃদ্ধার মৃত্যুর খবর পাওয়ার পর এই নিয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণের সুর চড়িয়েছেন তৃণমূল মুখপাত্র সুদীপ রাহা।এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, বিজেপির জমিদাররা এসআইআর করে, ভয়ের স্মৃতি করে একের পর এক মানুষের প্রাণহানি ঘটাচ্ছে। বাংলার মানুষ এর জবাব দেবে। এদিকে, এসআইআর-র আবহেই অসুস্থ হয়ে পড়েছেন রিষড়া পুরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাকির আলি। প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকিরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রিষড়ার তৃণমূল নেতা সাকির আলি রবিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁকে ভর্তি করা হয় একটি বেসরকারি হাসপাতালে।









