
দক্ষিণ ২৪ পরগনার কুলতলির মৈপীঠে ফের বাঘের ভয়। রবিবার সকালে নদী তীরবর্তী এলাকায় বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয়রা। সেই পায়ের ছাপ দেখেই গ্রামবাসীদের দাবি ঠাকুরান নদী পেরিয়ে লোকালয় সংলগ্ন জঙ্গলে ঢুকেছে দুটি রয়্যাল বেঙ্গল টাইগার।
খবর দেওয়া হয়েছে বনদফতকে। লোকালয় লাগোয়া অঞ্চলকে কাঁটাতার দিয়ে ঘেরার কাজ শুরু হয়েছে। এর আগে ৬ জানুয়ারি বৈকুন্ঠপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীকান্ত পল্লি ও কিশোরীমোহনপুর এলাকায় জঙ্গল লাগোয়া গ্রামে বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছিল। নদীবাঁধ সংলগ্ন বনসৃজন প্রকল্পের বাদাবনে বাঘের গর্জনও শোনা গিয়েছিল। যদিও তারপর ৮ তারিখ ভোরে বাঘ জঙ্গলে ফেরে। এদিকে ঝাড়গ্রামে নতুন করে বাঘের আতঙ্ক ছড়িয়েছে। রবিবার সকালে বেলপাহাড়ির থানার বাঁশপাহাড়ি অঞ্চলের মানিয়াডি জঙ্গলে স্থানীয় কয়েকজন লাল পিঁপড়ে সংগ্রহ করতে গিয়েছিলেন।
দাবি সেই সময় তাঁদের পাশ দিয়ে বাঘকে যেতে দেখেছেন। বাঘের পায়ের ছাপও দেখেছেন তাঁরা। ভয়ে তড়িঘড়ি গ্রামে ফেরেনে। এরপরেই খবর দেওয়া হয় বনদফতরে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছেছে বাঁশপাহাড়ি রেঞ্জের কর্মীরা।
