
মহিলাদের নিরাপত্তার জন্য চালু পিঙ্ক পেট্রল ভ্যানে চেপে টহলদারিতে গিয়ে এক তরুণীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে শিলিগুড়ি পুলিশের এএসআই তানিয়া রায়-র বিরুদ্ধে।
ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, তরুণী মত্ত কি না, তা তাঁর ঠোঁটে ঠোঁট দিয়ে বোঝার চেষ্টা করছেন ওই মহিলা এএসআই পুলিশকর্মী। এস নিউজ ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় শিলিগুড়ি পুরনিগমের ৪৬ নম্বর ওয়ার্ডের চম্পাশরী এলাকায় শ্রীগুরু বিদ্যামন্দিরের মাঠে এক তরুণ এবং এক তরুণীকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অভিযোগ, টহলে বেরিয়ে তাঁদের হেনস্থা করে পুলিশ। তাঁদের বেধড়ক মারধরের অভিযোগও উঠেছে৷ চিৎকার শুনে স্থানীয়েরা ছুটে যান ওই মাঠে। ঘটনাস্থলে উপস্থিত হন তরুণ-তরুণীর অভিভাবকেরা। তাঁদেরও হেনস্থা করা হয় বলে অভিযোগ।অন্যদিকে অভিযোগ, ওই মহিলা এএসআই মত্ত ছিলেন। পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়েরা। আটকে দেওয়া হয় পুলিশের গাড়ি।
পরে কোনও মতে সেখান থেকে বেরিয়ে যায় পুলিশ। ঘটনার সত্যতা স্বীকার করে নেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি পশ্চিম বিশ্বচাঁদ ঠাকুর। তিনি বলেছেন, পাশাপাশি বিভাগীয় তদন্ত করা হচ্ছে তাঁর বিরুদ্ধে।
ছবি সৌজন্যে : নিজস্ব
