স্বল্পমেয়াদি কমিশনেও মহিলা অফিসার

0
55
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

সশস্ত্র বাহিনীতে লিঙ্গসমতার পথে বড় পদক্ষেপ,মঙ্গলবার ঐতিহাসিক রায়ে মহিলাদের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদ -এর ক্ষমতা প্রয়োগ করে শর্ট সার্ভিস কমিশন পাওয়া মহিলা অফিসারদের স্থায়ী কমিশন দেওয়ার অধিকার বহাল রাখল শীর্ষ আদালত।

প্রধান বিচারপতি সূর্য কান্তর নেতৃত্বে বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া এবং এন কে সিং-এর বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইতিমধ্যেই যাঁরা স্থায়ী কমিশন পেয়েছেন, তাঁদের ক্ষেত্রে কোনও হস্তক্ষেপ করা হবে না। বিদ্যমান কাঠামো থাকবে।রায়ে আদালত পর্যবেক্ষণ করেছে, দীর্ঘদিন ধরে সুযোগের বৈষম্য মহিলাদের কেরিয়ার অগ্রগতিতে প্রভাব ফেলেছে। তাঁদের অযোগ্য বলে চিহ্নিত করা হলেও, আসলে তা ছিল প্রাতিষ্ঠানিক বৈষম্যের ফল। পুরুষ অফিসারদের জন্যই শূন্যপদ নির্দিষ্ট থাকবে,এমন ধারণাও খারিজ করেছে আদালত। ফলে মহিলা এসএসসিও-দের স্থায়ী কমিশন দেওয়ার সিদ্ধান্তে কোনও বিঘ্ন ঘটবে না। এছাড়াও বড় স্বস্তি মিলেছে পেনশন সংক্রান্ত বিষয়ে।

মামলার বিভিন্ন স্তরে যাঁরা চাকরি হারিয়েছেন, সেই মহিলা শর্ট সার্ভিস কমিশনড অফিসার ও সংশ্লিষ্ট হস্তক্ষেপকারীদের ক্ষেত্রে আদালত জানিয়েছে, তাঁদের ২০ বছরের পরিষেবা সম্পূর্ণ হয়েছে বলে ধরা হবে। ফলে তাঁরা পেনশন সুবিধা পাবেন। তবে বকেয়া বেতন দেওয়ার দাবি খারিজ করা হয়েছে। তবে এই রায় প্রযোজ্য হবে না জাজ অ্যাডভোকেট জেনারেল এবং আর্মি এডুকেশন কর্পস শাখার মহিলা অফিসারদের ক্ষেত্রে—এ কথা স্পষ্ট করেছে আদালত।