
বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই রাজ্যে শুরু দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন। রায়গঞ্জ, বালুরঘাট ও দার্জিলিংয়ে সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির কিছু ছবি উঠে এসেছে।
রায়গঞ্জের দেবপুরী দেবীনগর এলাকায় কংগ্রেসের মহিলা পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এদিকে দক্ষিণ দিনাজপুরের তপন থানার হরসুরা অঞ্চলের রামপুর ও কৃষ্ণবাটি বুথে তৃণমূলের লোকজন টাকা দেওয়ার জন্য বাড়ি বাড়ি ঢুকছিল বলে অভিযোগ বিজেপির। সেই সময় রাস্তায় তৃণমূল কর্মী সমর্থকদের আটকায় বিজেপি৷ এনিয়ে দু’তরফে বাকবিতণ্ডা শুরু হয়৷ বিজেপি এই নিয়ে অভিযোগ দায়ের করতে চলেছে৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল৷ অন্যদিকে বিজেপিকে ভোট দিলে সাদা থান পরিয়ে দেওয়া হবে। ঘটনাটি চোপড়ার ঘির্নিগাঁও এলাকায়। মহিলা ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
