
বিশ্বকাপ ফুটবলের নিয়মে বদল আনতে চলেছে ফিফা। বলা হচ্ছে শেষ পর্যন্ত বদল যদি ঘটে, তা হলে সুবিধা পাবে ইটালি।তবে তার জন্য যোগ্যতা অর্জন করতে হবে চার বারের বিশ্বকাপজয়ীদের।
গত দু’টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি তারা।বিশ্বকাপের গ্রুপ বাছাইয়ের নিয়মে বদলে আনতে চলেছে তারা। প্লে-অফ খেলে ইটালি যদি ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারে, তা হলে তাদের কঠিন দলের সামনে পড়তে হবে না। আগের নিয়ম অনুযায়ী প্লে-অফ খেলে যারা যোগ্যতা অর্জন করে, তাদের বিশ্বকাপে কঠিন গ্রুপে পড়তে হয়।এই মুহূর্তে জেনারো গাটুসোর দল যোগ্যতা অর্জন পর্বে গ্রুপ আই-তে দ্বিতীয় স্থানে রয়েছে। শীর্ষে থাকা নরওয়ের থেকে তিন পয়েন্ট পিছনে। বাকি আর দু’টি ম্যাচ। গ্রুপের শীর্ষে থাকা দল সরাসরি বিশ্বকাপ খেলবে। দ্বিতীয় স্থানাধিকারী দলকে প্লে-অফ খেলতে হবে। গত দু’বার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে প্লে-অফে হেরে গিয়েছিল ইটালি। সেই নিয়মে বদল হয়নি। অর্থাৎ এ বারও তাদের বিশ্বকাপে খেলতে গেলে প্লে-অফে জিততে হবে।অন্যদিকে বদল হয়েছে গ্রুপ বাছাইয়ের নিয়মে।
সাধারণত প্লে-অফে জিতে যে দেশগুলি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে, তাদের চার নম্বর পাত্রে রাখা হয়। বিশ্বের শক্তিশালী দেশগুলি থাকে এক, দু’ এবং তিন নম্বর পাত্রে। তাই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হলেও ইটালিকে খেলতে হতে পারে শক্তিশালী দলের বিরুদ্ধে।
