ফিফা আরব কাপ: সেমিফাইনালে মরক্কো ও সৌদি আরব

0
199
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

আল রাইয়ানে অনুষ্ঠিত ফিফা আরব কাপ ২০২৫-এর কোয়ার্টার ফাইনালে সিরিয়াকে ১-০ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে মরক্কো। ম্যাচের ৭৯ মিনিটে ফরোয়ার্ড ওয়ালিদ আজারোর নিখুঁত শটে এগিয়ে যায় উত্তর আফ্রিকার দলটি।

শেষ মুহূর্তে নাটকীয়তা যোগ হয় যখন ৮৭ মিনিটে বদলি হিসেবে নামা মরক্কোর মিডফিল্ডার মোহাম্মদ মুফিদ ইনজুরি টাইমের প্রথম মিনিটেই সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এক খেলোয়াড় কম নিয়ে বাকি সময় লড়াই করলেও শক্ত রক্ষণভাগের সামনে সিরিয়া গোলের সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়। আট মিনিট অতিরিক্ত সময়ে চাপ সামলে মরক্কো নিশ্চিত করে সেমিফাইনাল।

দিনের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে পরে প্যালেস্টাইনকে হারিয়ে সেমিতে উঠেছে সৌদি আরবও। ব্রিকান ও কানোর গোলে ২-১ গোলের জয় পায় সৌদি আরব। আজ শুক্রবার অনুষ্ঠিত হবে বাকি দুই কোয়ার্টার ফাইনাল, জর্ডান বনাম ইরাক এবং আলজেরিয়া বনাম সংযুক্ত আরব আমিরশাহী।