
দুর্দান্ত ফ্রি কিকে বিশ্বকাপে দেশের হয়ে প্রথম গোল করলেন কেভিন পিনা। উল্লাসে ফেটে পড়ল কেপ ভার্দে।ধাক্কা সামলে ৭ মিনিটের মধ্যে দু’ গোল করে ঘুরে দাঁড়াল উরুগুয়ে। তবে নাটকীয়তার তখনো বাকি।
আরেকটি গোল করে,আরেকটি স্মরণীয় পারফরম্যান্সে, আবারো পয়েন্ট আদায় করে নিল বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় ক্ষুদ্রতম দেশ কেপ ভার্দে।ফ্লোরিডার মায়ামিতে এইচ গ্রুপের রোমাঞ্চকর ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।এর আগে গোলকিপার ভোজিনিয়ার বীরত্বে আরেক পরাশক্তি স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল কেপ ভার্দে। টানা দু’ ম্যাচে পয়েন্ট কেড়ে নকআউটে পর্বে জায়গা করে নেওয়ার লড়াইয়ে ভালোভাবেই টিকে থাকল আফ্রিকার দেশ,কেপ ভার্দে।দু’ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এইচ গ্রুপের শীর্ষে আছে স্পেন। ২ পয়েন্ট করে নিয়ে উরুগুয়ে দুইয়ে ও কেপ ভার্দ তিনে আছে।১ পয়েন্ট নিয়ে তলানিতে সৌদি আরব।শুরু থেকে উরুগুয়ে বল দখলে এগিয়ে থাকলেও ভোজিনিয়ার পরীক্ষা নিতে পারছিল না তারা। ২৩ মিনিটে চমক জাগিয়ে এগিয়ে যায় কেপ ভার্দ।প্রায় ৩০ গজ দূর থেকে ফ্রি কিকে রক্ষণ দেয়ালের দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন কেভিন পিনা। এবারের বিশ্বকাপে সরাসরি ফ্রি কিকে দ্বিতীয় গোল এটি।৪৪ মিনিটে প্রথম কোনো প্রচেষ্টা লক্ষ্যে রাখতে পারে উরুগুয়ে এবং তা থেকেই সমতা ফেরায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
মাক্সি আরাউহো ডাইভিং হেডে ফাঁকা জালে বল পাঠান। সৌদি আরবের বিপক্ষেও দলকে সমতায় ফিরিয়েছিলেন তিনি।সেই রেশ থাকতেই প্রথমার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় উরুগুয়ে এবং এই গোলেও অবদান রাখেন মাক্সি আরাউহো। মানুয়েল উগার্তের ক্রসে তার হেড পাসে ছয় গজ বক্সের বাইরে থেকে ভলিতে ঠিকানা খুঁজে নেন আউতি কানোবিও।
