
২০২৬ ফিফা বিশ্বকাপে বড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা। দলের অভিজ্ঞ মিডফিল্ডার থেম্বা জোয়ানকে ৩ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। মেক্সিকোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে লাল কার্ড দেখার পর ফিফার শৃঙ্খলা কমিটি তার এক ম্যাচের স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা বাড়িয়ে তিন ম্যাচ করেছে।
ফলে ৩৬ বছর বয়সী এই তারকা গ্রুপ পর্বের বাকি সব ম্যাচে খেলতে পারবেন না।দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ৫৫ ম্যাচ খেলে ১২ গোল করা জোয়ানে দক্ষিণ আফ্রিকার আক্রমণভাগের অন্যতম ভরসা।এদিকে,১১ জুন আজতেকা স্টেডিয়ামে মেক্সিকোর বিপক্ষে ম্যাচের ৬১ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। তবে মাত্র ২৩ মিনিট খেলেই মাঠ ছাড়তে হয়। ৮৪ মিনিটে ভিএআর পর্যালোচনার পর মেক্সিকোর রবের্ত আলভারাদোর সঙ্গে ফাউল করায় তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ফিফা ঘটনাটিকে গুরুতর ফাউল হিসেবে বিবেচনা করে অতিরিক্ত দু’ ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করেছে, যদিও এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে।যদিও ম্যাচে জোয়ানের পারফরম্যান্সও খুব একটা উজ্জ্বল ছিল না। মাঠে নেমে তিনি মাত্র আটবার বল স্পর্শ করেন এবং পাঁচটি সফল পাস দেন।
কোনো গ্রাউন্ড ডুয়েলেও জয় পাননি। তবে দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রুস লাল কার্ডের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। ম্যাচ শেষে তিনি বলেছেন,দ্বিতীয় লাল কার্ডটি নিয়ে আলোচনা হতে পারে।
