
৩০ কোটি টাকারও বেশি আইভিএফ জালিয়াতি মামলায় বলিউড পরিচালক বিক্রম ভাট গ্রেপ্তার হয়েছেন। রাজস্থান পুলিশ ও মুম্বাই পুলিশের যৌথ অভিযানে মুম্বাইয়ের ইয়ারি রোডে ভাটের শ্যালিকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তাকে উদয়পুরে নিতে ব্যান্দ্রা কোর্টে ট্রানজিট রিমান্ড চাওয়া হবে।গ্রেপ্তার হওয়ার সাত দিন আগে বিক্রম ভাট, তার স্ত্রী শ্বেতাম্বরি ভট্ট এবং আরও ছ’জনের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছিল উদয়পুর পুলিশ।অভিযুক্তদের ৮ ডিসেম্বরের মধ্যে হাজিরা দিতে বলা হয় এবং বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়।এর প্রায় ২০ দিন আগে উদয়পুরের ভোপালপুরা থানায় ৩০ কোটি টাকার প্রতারণার অভিযোগে একটি এফআইআর দায়ের হয়। অভিযোগে বলা হয়েছে, ভাট দম্পতি ড. অজয় মুর্ডিয়াকে ২০০ কোটি টাকার লাভ দেখিয়ে প্রলুব্ধ করেছিলেন।অভিযোগকারী ইন্দিরা আইভিএফ হাসপাতালের মালিক ড. অজয় মুর্ডিয়া জানিয়েছেন, তার প্রয়াত স্ত্রীর জীবনী নিয়ে একটি বায়োপিক তৈরি করতে তিনি দীনেশ কাটারিয়ার সাহায্য নেন।কাটারিয়ার পরামর্শে ২৫ এপ্রিল ২০২৪ মুম্বাইয়ের বৃন্দাবন স্টুডিওতে গিয়ে তিনি বিক্রম ভাটের সঙ্গে দেখা করেন।সেখানে ভাট জানান, পুরো সিনেমার নির্মাণের কাজ তিনি নিজেই দেখবেন, তার স্ত্রী ও মেয়েও প্রকল্পটির সহযোগী, আর অর্থ প্রদানের ভিত্তিতে কাজ এগোবে।
এই প্রকল্পের জন্য ভাট তার স্ত্রী শ্বেতাম্বরির নামে ভিএসবি এলএলপি নামে একটি সংস্থাও রেজিস্ট্রেশন করেন।অভিযোগে অভিযুক্তদের মধ্যে রয়েছেন বিক্রম ভাট, শ্বেতাম্বরি ভাট, তাদের মেয়ে কৃষ্ণা , দীনেশ কাটারিয়া, মাহবুব আনসারি, মুদিত বুটাট্টন, গঙ্গেশ্বরলাল শ্রীবাস্তব এবং অশোক দুবে।








