
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন এই বাজেট, যুবা শক্তি চালিত বাজেট, তাই মূলত তিনটি কর্তব্যকে মাথায় রাখা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বলেছেন, অর্থনৈতিক বৃদ্ধিকে ত্বরান্বিত ও দীর্ঘস্থায়ী করা, জনগণের আকাঙ্ক্ষা পূরণ করা এবং সবকা সাথ, সবকা বিকাশ – এটাই কেন্দ্রীয় সরকারের মূল লক্ষ্য।
পাশাপাশি তাঁর এও মত, দেশের আর্থিক বৃদ্ধির যারা বিরোধিতা করে আসলে তাঁরাই দেশদ্রোহী।নির্মলা ব্যাখ্যা দিয়েছেন, এই বাজেটের লক্ষ্য হল, দেশের গরিব, শোষিত, বঞ্চিত মানুষের জন্য। তাঁর কথায়, আমাদের প্রথম কর্তব্য হল, বিশ্বের পরিবর্তিত পরিস্থিতিতে দেশকে বিকশিত ভারত গড়ে তোলা। এই বাজেট সবকা সাথ সবকা বিকাশের পথে কাজ করে যাবে। সংস্কার এক্সপ্রেস আর্থিক উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়ে যাবে।একই সঙ্গে, দেশকে এগিয়ে নিয়ে যেতে বাজেটে ছ’টি ক্ষেত্রে জোর দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এই সেক্টরগুলি হল, ঐতিহ্যবাহী শিল্প ক্ষেত্রগুলিকে পুনরুজ্জীবিত করা, এম এস এম ই ক্ষেত্রকে আরও মজবুত করা, পরিকাঠামো তৈরিতে জোর, দীর্ঘমেয়াদি নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা, স্থিতিশীল অবস্থা তৈরি করা, শহরগুলির অর্থনীতিকে উন্নত করা।
এদিকে এবারের বাজেট একটি ইতিহাসও তৈরি করেছে। এত দিন পর্যন্ত বাজেট পেশের ক্ষেত্রে কার্যদিবসের রীতিই অনুসরণ করা হত। সেই প্রথা ভেঙেই এ বার রবিবার সংসদের অধিবেশন বসেছে বাজেটের জন্য।







