
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই পুরাতন মালদার বিএলআরও-র বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত বিএলআরও বিপ্লব কুমার মণ্ডল। জানা গিয়েছে, জমির ফাইলপত্র জালিয়াতি করে মালিকানা বদলের পাশাপাশি ২০ লক্ষ ঘুষ চাওয়ার অভিযোগে অভিযুক্ত বিপ্লব কুমার মণ্ডলের বিরুদ্ধে মালদা থানায় এফআইআর দায়ের হয়েছিল।
বিএলআরও’র বিরুদ্ধে জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা রজু করেছে মালদা পুলিশ। প্রশাসনের তরফেও তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। পুরাতন মালদার বাসিন্দা ফারুক হোসেনের অভিযোগপত্র থেকে জানা গিয়েছে, স্থানীয় মৌলপুর এলাকায় প্রায় ৫ একর জমি রয়েছে তাঁদের পরিবারের দিলওয়ারা খাতুনের নামে। সেই জমির মূল্য প্রায় ২০ কোটি টাকা। বছর কয়েক আগে ওই নিঃসন্তান মহিলা দিলওয়ারা খাতুন মারা গিয়েছেন। ফলে নিয়ম অনুযায়ী সেই জমির অংশীদার হওয়ার কথা প্রয়াত মহিলা ভাইদের ছেলেমেয়েরা।
কিন্তু এরই মধ্যে একটি দালালচক্র সক্রিয় হয়ে ওঠে। অভিযোগ,দেখা যায় জমির মালিকানা পেয়ে গিয়েছেন অন্যরা।এরপরই মিউটেশন রায় সংশোধন করে দেওয়ার জন্য ২০ লক্ষ টাকা চাওয়া হয় বলে অভিযোগ।







