
সরকারি কাজে ফাঁকিবাজি বরদাস্ত নয়, টাকা চাইলে এফআইআর করা হবে। ফের স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুর দুয়ারের প্রশাসনিক সভা থেকে জেলা প্রশাসনের সর্বস্তরের আধিকারিকদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেছেন, প্রত্যেকটা কাজের নজরদারি হচ্ছে।
ভাববেন না, কলকাতা থেকে আলিপুর দুয়ারের খুব দূরত্ব বেশি। এক সেকেন্ডে যোগাযোগ করা যায়। সমন্বয় পোর্টালের মাধ্যমে নবান্ন থেকে প্রত্যেকটা কাজের নজরদারি করা হয়। পুরো জেলার উন্নয়নের তালিকা হাতে নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, ৪৪১টি প্রকল্পের মধ্যে ৩০৩ টি শেষ হয়েছে। ১০৮টি প্রকল্পের কাজ সময়ে শেষ হয়নি। ৩০টি প্রকল্প ১ থেকে ৩ বছরের মধ্যে শেষ হয়নি।এরপরই মুখ্যমন্ত্রীর মন্তব্য, মুখ্যসচিব যদি একদিন জেলায় এসে পাঁচ, ছ’টা জায়গায় যেতে পারে তাহলে বিডিওরা পারবেন না কেন।
বুধবার মালদহর সভা থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, সরকারি কাজের তদারকি করতে এবার থেকে সপ্তাহে একদিন গ্রামে ফিল্ড ওয়ার্কে যেতে হবে বিডিও-সহ প্রশাসনিক আধিকারিকদের।






