
হোলির রং তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। ঝলসে মৃত্যু হয়েছে পাঁচ জন মহিলা শ্রমিকের। গুরুতর জখম হয়েছেন ২০ জন। শনিবার হরিয়ানার জিন্দের এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।
পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের জেরে জীবন্ত পুড়ে মৃত্যু হয়েছে পূজা, উষা, পিঙ্কি এবং গুড্ডি নামে চার তরুণী। এখনও একজনের নাম, পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, হরিয়ানার জিন্দে রং তৈরির এই কারখানা বহু পুরোনো। প্রায় জনা পঞ্চাশেক কর্মী কাজ করেন। শনিবার দুপুরে আচমকাই আগুন লেগে যায় কারখানায়। চোখের নিমেষে তা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা।
আতঙ্কে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন কর্মীরা। আগুন দেখে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা দেখেন, কারখানার কাঠের দরজা বাইরে থেকে বন্ধ। ভিতরে চিৎকার করছেন শ্রমিকরা। অনেক চেষ্টা করে তাঁরা কাঠের দরজা ভেঙে ফেলেন। শুরু করেন উদ্ধারকাজ। তবে ততক্ষণে জীবন্ত পুড়ে মৃত্যু হয়েছে পাঁচ জনের। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয় দমকল এবং বিশাল পুলিশ বাহিনী। তাঁরা আহতদের উদ্ধার করে পানিপতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান।







