
বাংলাদেশে অনবরত চলছে সংখ্যালঘু অত্যাচার। এবার সিলেটের এক শিক্ষকের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হল। জানা যাচ্ছে, ওই শিক্ষকের নাম বীরেন্দ্র কুমার দে ওরফে ঝানু স্যার।
সিলেটের গোয়াইহাট উপজেলার বাহোর গ্রামের বাসিন্দা তিনি। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন তাঁরা। হঠাৎ এমন ধর্মবিদ্বেষের সম্মুখীন হওয়ায় আতঙ্কিত গোটা পরিবার। গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। কে বা কারা এই অগ্নিসংযোগ করেছেন সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। শিক্ষকের পরিবার সহ প্রতিবেশীরাও এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, ওই শিক্ষকের বাড়িতে দাউদাউ করে আগুন জ্বলছে এবং শিক্ষক তাঁর পরিবার সহ কোনোক্রমে প্রাণ বাঁচিয়ে বেরিয়ে আসছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ।
প্রসঙ্গত, ২০২৪ সালে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন এবং মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নৃশংস অত্যাচার, হত্যালীলা চলছে। গত ১৮ ডিসেম্বর দীপু চন্দ্র দাস নামক এক হিন্দু যুবককে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়। তারপর থেকে একের পর এক হিন্দু হত্য়ার খবর সামনে এসেছে। এখনও পর্যন্ত বাংলাদেশে প্রায় ৮-৯ জন হিন্দুকে খুন করা হয়েছে।



