
রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে আগুন লাগানোর ঘটনায় মালদহে তৃণমূল ছাত্র পরিষদের বহিষ্কৃত সেই নেতা নাসিমুল হক ওরফে এবি সোয়েলকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে মঙ্গলবার স্থানীয় এক ব্যক্তি চাঁচল থানায় অভিযোগ দায়ের করেছিলেন।
সেই অভিযোগের ভিত্তিতে সোয়েলকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগে বলা হয়েছে, ওই ছাত্রনেতা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানো-সহ বেশ কিছু বেআইনি কাজে যুক্ত ছিলেন। মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হবে। মালদহ জেলা পুলিশের তরফে এক্স করে ওই ছাত্রনেতার গ্রেফতারির কথা জানানো হয়েছে। সোমবার অভিযুক্ত ছাত্রনেতা বহিষ্কার হওয়ার পর ছাত্র পরিষদের তরফে বিবৃতি জারি করা হয়, টিএমসিপি সর্বদা দেশের মহামনীষী, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধাশীল।
সংগঠনের নীতি ও মূল্যবোধের পরিপন্থী কোনও কাজকে কখনওই বরদাস্ত করা হবে না। পাশাপাশি বাংলার স্বার্থবিরোধী ও বিজেপির বিদ্বেষমূলক রাজনীতির বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে।








