
চেন্নাইয়ের একটি হাসপাতালে আগুন লেগে মৃত্যু হয়েছে শিশু-সহ অন্তত ছ’জনের। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে।
তবে ওই হাসপাতালে চিকিৎসাধীন ৩০ জন রোগীকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া গিয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে চেন্নাইয়ের ত্রিচি রোড এলাকায় ওই হাসপাতাল থেকে আগুন এবং কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখেন স্থানীয়রা। যোঁয়া ও আগুন দেখতে পেয়ে দ্রুত দমকলকে খবর দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে রোগীদের উদ্ধার করে ভর্তি করিয়েছে জেলা হাসপাতালে। উদ্ধারকাজ যখন শেষের পথে তখন হাসপাতালের লিফ্টের ভিতর থেকে বেশ কয়েক জনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়েছে। তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ছ’জনকে মৃত বলে ঘোষণা করেন। কয়েক জন এখনও চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে আগুন লাগার পর ধোঁয়ায় দমবন্ধ হয়েই ছ’জনের মৃত্যু হয়েছে। প্রাথমিক ভাবে পলিশ এবং দমকল মনে করছে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
প্রসঙ্গত, নভেম্বর মাসেই উত্তরপ্রদেশের ঝাঁসিতে মহারানি লক্ষ্মীবাই মেডিক্যাল কলেজে আগুন লেগে ১১ সদ্যোজাতের মৃত্যু হয়েছিল। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।







