
বারাণসীর আত্মা বিশ্বেশ্বর মহাদেব মন্দিরে আরতি চলাকালীন অগ্নিকাণ্ডে গুরুতর জখম হয়েছেন মন্দিরের প্রধান পুরোহিত-সহ মোট ৭ জন। আহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। স্থানীযরাই আগুন নিয়ন্ত্রণে আনেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও স্থানীয় থানার পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় কবীর চৌরাহা বিভাগীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে তাঁদের সকলকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, তাঁর দেহের প্রায় ৬৫ শতাংশ পুড়ে গিয়েছে।
বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, আরতির সময়ে কোনও ভাবে প্রদীপ থেকে আগুনের ফুলকি পড়ে, যা থেকেই আগুন লেগে যায় মন্দিরে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে গর্ভগৃহে। মন্দিরটি একটি সরু গলির মধ্যে অবস্থিত হওয়ায় দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছতে বেশ কিছুটা সময় লেগে যায়।








