
পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনের একটি কামরা থেকে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় গোটা কামরায়।
জানা গিয়েছে, রবিবার ভোর সাড়ে ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। কাটোয়া স্টেশনের দু’নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল ৫৩৪৩৫ আপ আজিমগঞ্জ প্যাসেঞ্জার। সকাল ৬টা নাগাদ কাটোয়া স্টেশন থেকে ছাড়ার কথা ছিল ট্রেনটির। ওই ট্রেনের একটি কামরায় আগুন ধরে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় জিআরপি ও আরপিএফ। খবর দেওয়া হয় দমকলকেও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের দু’টি ইঞ্জিন। বেশ কিছু ক্ষণের চেষ্টায় ওই ট্রেনের আগুন নিয়ন্ত্রণে আসে। ওই কামরাটি সম্পূর্ণ পুড়ে গিয়েছে।
তবে আগুন অন্য কামরায় ছড়াতে পারেনি। ফলে বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।









