
বাইক সারানোর গ্যারাজে আগুন লেগে মালিকের মৃত্যু হয়েছে হাওড়ার আন্দুলে। দমকলের অনুমান ওয়েল্ডিংয়ের কাজের সময় ফুলকি থেকে আগুন ছড়িয়েছে। গ্যারাজে প্রচুর পরিমাণে তেল মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
পরে দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে আন্দুলের নিমতলা এলাকায় গ্যারাজে হঠাৎ করে আগুন লাগে। গ্যারাজে পেট্রোল-ডিজেল মজুত থাকায় দাউদাউ করে জ্বলতে থাকে পুরো গ্যারাজ। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে গ্যারাজের মালিক সন্দীপ দাসের। এদিকে বিশ্বভারতীর ভাষাভবনে আগুনে আতঙ্ক ছড়িয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে। জানা গিয়েছে মঙ্গলবার সকালে ভাষা ভবনের দোতলায় এসির আউটডোর ইউনিটে হঠাৎ করে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে বিশ্বভারতীর নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা দিয়ে আগুন নিভিয়ে ফেলার চেষ্টা করা হয়। তারপরেও ধোঁয়া বেরতে থাকায় দমকলে খবর দেওয়া হয়।
এরপর দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের জেরে বড় ক্ষতি না হলেও ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ঠিক কি কারণে হঠাৎ করে আগুন লাগার ঘটনা ঘটেছে খতিয়ে দেখছে দমকল।
