
মহারাষ্ট্রের শোলাপুরে এমআইডিসি এলাকায় অবস্থিত একটি কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনায় ঝলসে মৃত্যু হয়েছে ৩ জনের। কারখানার ভিতরে আরও চারজন এখনও আটকা পড়ে রয়েছেন। তাঁদের উদ্ধার করার কাজ চলছে।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, শনিবার গভীর রাত ৩ টের দিকে আক্কালকোট রোডের এই কারখানায় হঠাৎ আগুন লেগে যায়। স্থানীয় দমকল বাহিনী এখনও আগুন নেভানোর চেষ্টা করছে। ঘটনাস্থলে একাধিক দমকল ইঞ্জিন আসার পরেও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।
সূত্রে জানা গিয়েছে, ওই কারখানার মালিক এখনও ভেতরেই রয়েছেন। পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে কারখানায় আটকে রয়েছেন মালিকের ১ বছরের শিশুপুত্রও। তবে কীভাবে এই আগুন লেগেছে তা এখনও পরিষ্কার ভাবে জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ এসে আগুন নেভানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে। এখনও সেভাবে কিছুই সামনে আসেনি পুলিশের।
