কোন্নগরে গ্যাস অফিসে ভয়াবহ আগুন

0
334
ছবি সৌজন্যে : নিজস্ব
কালীপুজোর রাতে ভয়াবহ আগুন লেগেছিল হুগলির কোন্নগরে গ্যাস ডিলারের অফিসে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, জিটি রোডের ধারের একটি বাড়ির একতলায় ওই গ্যাসের ডিলারের অফিস রয়েছে।
অফিসের ছাদে আগুন ধরে যায়। ওই অফিসের ছাদে বেশ কিছু কাগজ রাখা ছিল। প্রাথমিকভাবে অনুমান কালীপুজোর রাতে বাজি ফাটানোর সময় কোনওভাবে আগুন লেগে গিয়েছিল ওই কাগজের স্তূপে। রান্নার গ্যাসের অফিস সংলগ্ন এলাকাটি অত্যন্ত জনবহুল। গ্যাসের অফিসের সামনে একটি বেসরকারি হাসপাতালও রয়েছে। এ ছাড়াও আগুন লাগার সময় অফিসের মধ্যে বেশ কিছু গ্যাসের সিলিন্ডার মজুত করে রাখা ছিল। আগুন লাগায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলার শুভাশিস চৌধুরী।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। দমকলের তরফে জানানো হয়েছে, প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।