
আবার কলকাতায় অগ্নিকাণ্ড। রবিবার সকালে চাঁদনি চক এলাকার সিএসসি অফিসের এক ট্রান্সফর্মারে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। সেই আগুন থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন।
জানা গিয়েছে, রবিবার সকাল ৭টা ১০ মিনিট নাগাদ ওই ট্রান্সফর্মারে আচমকা আগুন ধরে যায়। তার পরেই বিস্ফোরণের শব্দ শোনা যায়। আগুন ছড়াতে থাকায় আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের চারটি ইঞ্জিন। দমকলকর্মীদের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে সকাল ৯টা পর্যন্তও পুরোপুরি আগুন নেভেনি। দমকল সূত্রে খবর, কোথাও কোথাও চাপা আগুন থাকতে পারে। সেই আগুন নেবানোর কাজ চলছে। কী ভাবে সাতসকালে ওই ট্রান্সফর্মারে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।
