
সল্টলেক আনন্দলোক হাসপাতালে আগুন লাগার ঘটনায় দমকল দেরিতে আসার অভিযোগ ঘিরে শোরগোল পড়েছে। হাসপাতাল কর্তপক্ষের অভিযোগ আগুন লাগার সঙ্গে সঙ্গে দমকলকে ফোন করলেও প্রায় এক ঘন্টার পর দমকল আসে।
প্রথমে দুটো ইঞ্জিন এসে পৌঁছলেও তাতে জল ছিল না বলে অভিযোগ। হাসপাতাল চত্বরেই দমকল আধিকারিকদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের বচসা বাধে। যদিও দমকলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। দ্রুততার সঙ্গে প্রথমে দুটো পরে আরও একটি ইঞ্জিন পাঠানো হয় বলে দাবি দমকলের। জানা গিয়েছে সল্টলেকের আনন্দলোক হাসপাতালের দোতলায় প্রথমে ধোঁয়া বেরতে দেখা যায়। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় হাসপাতাল। আগুন লাগার পরপরই হাসপাতাল কর্মীরা রোগীদের অন্যত্র সরিয়ে নিয়ে যায়। প্রায় ৪৪ জন রোগী ছিলেন হাসাপাতলে ছিলেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দমকলমন্ত্রী তথা তৃণমূল প্রার্থী সুজিত বসু। তিনি ফরেন্সিক করার নির্দেশ দিয়েছেন।
দমকল দেরিতে আসার অভিযোগ উড়িয়ে সুজিত বসু বলেছেন নিজেদের গাফিলতি ঢাকার চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। ফায়ার ফাইটিং সিস্টেম ঠিকমত রয়েছে কিনা খতিয়ে দেওয়া হবে। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।







