
লালবাজারের কাছে গোডাউনে আগুন লাগার ঘটনায় অফিস টাইমে অফিস পাড়ায় আতঙ্ক ছড়িয়েছে। গাড়ির যন্ত্রাংশের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে।
খবর পেয়ে দমকলের ৬ টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করেছে। কালো ধোঁয়ায় ঢেকেছে আর এন মুখার্জি রোড-সংলগ্ন এলাকা। বিশেষ মাস্ক পরে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন দমকলকর্মীরা। ধোঁয়ার তীব্রতায় অনেকেরই শ্বাসকষ্টের সমস্যা হয়েছে। ক্যামিক্যালের ঝাঁঝালো গন্ধের জেরে চোখ-মুখ জ্বলতে থাকে দমকল কর্মীদের। মেশিন চালিয়ে, কাঁচ ভেঙে ধোঁয়া বের করার চেষ্টা করেছেন দমকলকর্মীরা। গুদামের ভিতরে কেমিক্যাল মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। তিনতলা বিল্ডিংয়ের একতলায় ছিল গাড়ির যন্ত্রাংশের গুদাম।
যদিও বিল্ডিং থেকে সবাইকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে দমকলের অনুমান শর্ট সার্কিট থেকে গুদামে আগুন লেগে থাকতে পারে।
