
বাংলাদেশের ধানমন্ডিতে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি সুধা সদনে আগুন লাগার পর খবর পেয়েও সেখানে পৌঁছল না দমকল বাহিনী। ফলে বুধবার রাতের পর বৃহস্পতিবার সকালেও সুধা সদনে আগুন জ্বলতে দেখা গিয়েছে।
দমকলের ঢাকা কন্ট্রোল রুমের মবিলাইজিং অফিসার খালেদা ইয়াসমিন বলেছেন, সুধা সদনে আগুন লাগার খবর পাওয়া যায় বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ। কিন্তু নিরাপত্তা ছিল না। তাই আগুন নেভানো সম্ভব হয়নি। ঢাকার ধানমন্ডি ৩২ নং শেখ মুজিবুর রহমানের বাড়িতে বুধবার রাতে ভাঙচুর চালানো হয়। সকালেও ওই বাড়ি ভাঙার প্রক্রিয়া চলেছে। ক্রেন এনে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ছ’তলা ভবন। বহু সাধারণ মানুষ সেই বাড়ি এবং মুজিবের স্মৃতিবিজড়িত জাদুঘর থেকে বইপত্র, ইট-কাঠ-পাথর তুলে নিয়ে গিয়েছেন। বাংলাদেশের পুলিশ বা আইনশৃঙ্খলারক্ষী বাহিনীর কাউকে ঘটনাস্থলে দেখা যায়নি। সুধা সদনের বাইরে ভিড় করেছেন অনেক উৎসুক সাধারণ মানুষ। দোতলায় এখনও আগুন জ্বলছে বলে দাবি।
রাতে ওই বাড়িতে অগ্নিসংযোগ করা হলে স্থানীয়েরা জল দিয়ে নীচের দিকে আগুন নেভান। কিন্তু পুরো বাড়ির আগুন নেভানো সম্ভব হয়নি।
