
অশোকনগরে সিআইডির বড় সাফল্য। চার চাকার গাড়ি থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র-সহ এক মহিলাকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত পূজা বিশ্বাস।
হাবরা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে বাড়ি। তদন্তকারীদের দাবি, বিহার থেকে অস্ত্র এনে হাবরা এলাকায় বিক্রি করার পরিকল্পনা ছিল তাঁর। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রের সঙ্গে এই ঘটনার যোগ থাকতে পারে। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সকালে সিআইডি ও অশোকনগর থানার পুলিশ যৌথ অভিযান চালিয়েছে। ৮ নম্বর মোড় এলাকায় নৈহাটি-অশোকনগর রোডে একটি ম্যাজিক গাড়ি আটক করা হয়।
সেখান থেকে পূজা বিশ্বাস নামে এক মহিলাকে একটি ব্যাগ-সহ আটক করেন তদন্তকারীরা। ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ।
