৯৬ পরিবারকে বাংলার বাড়ি, হাওড়ার বর্জ্য ধাপা-বৈদ্যবাটিতে 

0
131
ছবি সৌজন্যে : নিজস্ব

হাওড়া বেলগাছিয়ার ৯৬টি পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পে ঘর দেওয়া হবে। এমনটাই জানিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

তবে, হাওড়া বেলগাছিয়ার ভাগাড়ে ৩০০টি পরিবার বসবাস করতো এই কথা মানতে নারাজ তিনি। পাশাপাশি তাঁর মন্তব্য, ইতিমধ্যেই হাওড়ার বেলগাছিয়ায় বড় বড় কন্টেনার পাঠানো হয়েছে, কিছু পরিবারকে ১৫ দিনের জন্য স্থানীয় স্কুল ও নিরাপদ স্থানীয় পুনর্বাসন দেওয়া হয়েছে। কিছু পরিবার আপাতত কন্টেনারে থাকবেন। এছাড়াও হাওড়ার ৬৬টি ওয়ার্ড ও বালির ১৬টি ওয়ার্ডে কেএমডিএর তরফে রাস্তা ও নিকাশির কাজ করে দেওয়া হবে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম। এদিকে, হাওড়ার বেলগাছিয়া কাণ্ডের জেরে এবার প্রতিদিন হাওড়া থেকে ৩০০ মেট্রিক টন বর্জ্য আসবে ধাপায়, এমনটাই খবর সূত্রের। পুরসভা সূত্রের খবর, হাওড়া থেকে আসা বর্জ্য আপাতত ধাপার জৈব সার কারখানায় ফেলা হবে। সেখানে জঞ্জাল পুনর্নবীকরণের কাজ হবে। এছাড়াও হাওড়ার বাকি ২৫০ টন বর্জ্য আপাত ফেলা হবে বৈদ্যবাটি পুরসভায়।

এহেন পরিস্থিতিতে সমস্যার সমাধানে মঙ্গলবার বৈঠক করেছে পুর ও নগরোন্নয়ন দফতর। সূত্রের খবর, সেখানেই এই আবর্জনা ফেলার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হচ্ছে বলে খবর।