
পশ্চিমবঙ্গে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন ওয়াকফ আইন কার্যকর হবে না, সেখানে এই ধরণের আন্দোলনের মানে কি।
ভাঙড়ে আইএসএফ-র ওয়াকফ নিয়ে বিক্ষোভ নিয়ে এভাবেই প্রশ্ন তুলে দিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ফিরহাদ-র মন্তব্য, ওয়াকফ আইনের প্রতিবাদে দিল্লি গিয়ে যেন আন্দোলন করা হয়। তৃণমূল যখন রাস্তায় নামে, সব ধরনের মানুষের সমস্যা হয়। কিন্তু কথা হচ্ছে যেখানে আইন কার্যকর হচ্ছে না, সেখানে বিক্ষোভ করে তো কোনও লাভ নেই। সাধারণ মানুষের অসুবিধে করে তো কিছু করতে পারা যায় না। বিক্ষোভকারীদের উদ্দেশে ফিরহাদের পরামর্শ, কাদের কত লোক আছে সেটা জাহির না করে যেন সবাই মিলে দিল্লি গিয়ে ওয়াকফের প্রতিবাদ জানানো হয়। এদিকে, ফিরহাদ হাকিমের এই বক্তব্যের পর পাল্টা আক্রমণ করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য।
এক্স পোস্টে তিনি লিখেছেন, কলকাতার মেয়রের মতন সম্মানজনক পদে বসেও যেভাবে সাম্প্রদায়িক কথা তিনি বলছেন, তা লজ্জার।



