
কক্ষপথে থাকা স্যাটেলাইটের কাজ হলো পৃথিবীর গ্রাউন্ড স্টেশনে তথ্য পাঠানো। একেকটি স্যাটেলাইটের কাজ একেক রকম। কোনোটি ছবি তোলে, কোনোটি শুধু আবহাওয়ার তথ্য সংগ্রহ করে। আবার কোনোটি পাঠায় রেডিও সংকেত।
এসব তথ্যের ওপর ভিত্তি করে গ্রাউন্ড স্টেশন থেকেও নির্দেশনা পাঠাতে হয় স্যাটেলাইটে।কিন্তু এবার কক্ষপথে প্রথমবারের মতো ঘুরতে শুরু করেছে চীনের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন স্যাটেলাইট, যা নিজে থেকেই নানা তথ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণ করে পাঠাচ্ছে পৃথিবীতে। এর আগে ২৪ সেপ্টেম্বর পূর্ব চীনের শানতোং প্রদেশের হাইইয়াং উপকূলীয় শহরের ভাসমান একটি ভি কেন্দ্র থেকে স্মার্ট ড্রাগন- টু ক্যারিয়ার রকেটে করে পাঠানো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সসম্পন্ন স্যাটেলাইটটিতে আছে লার্জ মডেল এআই, যার কাজ হলো ভূমি থেকে নির্দেশ ছাড়াই পৃথিবীতে তথ্য পাঠানো।অর্থাৎ স্যাটেলাইটটি নিজে থেকেই সিদ্ধান্ত নিয়ে কাজ করছে। এরই মধ্যে স্যাটেলাইটটির লার্জ মডেলের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছেন এর নির্মাতা প্রতিষ্ঠান এডিএ স্পেস-এর গবেষকরা।এডিএ স্পেস-এর প্রধান ওয়াং লেই বলেছেন, স্যাটেলাইটটির রিমোট সেন্সিং ডেটার পরিমাণ তুলনামূলক বেশি।লার্জ মডেল এআইয়ের মাধ্যমে এটি একসঙ্গে একাধিক কাজ করছে। যেমন,কোনো লক্ষ্য শনাক্ত করা, ভৌগোলিক বৈশিষ্ট্য নিরূপণ এবং কোনো অঞ্চল ঘিরে পূর্বাভাস দেওয়া।
এর আগে এমন এআই স্যাটেলাইট পাঠানো হয়নি কক্ষপথে। তাই স্যাটেলাইটটি যেন ঠিকঠাক কাজ করে সেটা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ ছিল এডিএ স্পেসের গবেষকদের জন্য।
