
পশ্চিম এশিয়ায় চলতে থাকা যুদ্ধ পরিস্থিতি নিয়ে লোকসভায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, এই সংঘাত শুধু আঞ্চলিক নয়, গোটা বিশ্বের জন্যই বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।
অর্থনীতি থেকে সাধারণ মানুষের জীবন, সব ক্ষেত্রেই এর প্রভাব পড়ছে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী। সংসদে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, বর্তমান পরিস্থিতিতে দেশের সকল রাজনৈতিক দলকে একসঙ্গে বার্তা দিতে হবে। এই সঙ্কট মোকাবিলায় ঐক্যবদ্ধ অবস্থান জরুরি বলেই তিনি মনে করেন। তাঁর কথায়, দীর্ঘদিন ধরে চলা এই সংঘাত বিশ্ব অর্থনীতিকে অস্থির করে তুলেছে এবং দ্রুত সমাধানের জন্য আন্তর্জাতিক মহলও উদ্যোগী। একইসঙ্গে,বিদেশে থাকা ভারতীয়দের নিরাপত্তা নিয়েও আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, সঙ্কট শুরু হওয়ার পর থেকেই সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ভারতীয় নাগরিকদের সুরক্ষায়। উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের সঙ্গে ভারতের গভীর সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেছেন, সেখানে থাকা ভারতীয়দের পাশে দাঁড়াতে সব রকম কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে,সরকারি তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত তিন লক্ষেরও বেশি ভারতীয় দেশে ফিরেছেন। বিভিন্ন দেশে নিযুক্ত ভারতীয় দূতাবাসগুলি আটকে পড়া নাগরিকদের সহায়তায় কাজ করছে।
পাশাপাশি একাধিক দেশের রাষ্ট্রনেতার সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের কাছ থেকেও ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস পেয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন,দেশের ভিতরে উৎপাদন বাড়ানোর পাশাপাশি জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে কাজ চলছে। পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের জোগান যাতে ব্যাহত না হয়, তার জন্য বিভিন্ন স্তরে সমন্বয় করা হচ্ছে।









