
প্রকাশ্যে ফেলুবক্সীর প্রথম অফিসিয়াল পোস্টার। সাথে জানা গিয়েছে রিলিজ ডেটও।এপার বাংলার ছবি দেবরাজ সিনহার ফেলু বক্সীতে থাকছেন পরীমণি। সাথে সোহম চক্রবর্তী, মধুমিতা সরকার।
ফেলুবক্সী নামটা পরিচিত মনে হলেও ইনি আসলে এক সম্পূর্ণ ভিন্ন চরিত্রের গোয়েন্দা। গল্পটা মুখার্জি বাড়ির লোকজন ঘিরেই তৈরী। অনিমেষ মুখার্জি তার একমাত্র ছেলের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তের সূত্রে ফেলুবক্সীকে দায়িত্ব দেন। সেক্রেটারি এবার তার সহকারী দেবযানীর সঙ্গে তদন্ত শুরু করেন। তিন তিনটি আরও খুনের পর তারা বুঝতে পারেন, শুধুমাত্র সাংসারিক শত্রুতা নয়, এসবের পিছনে আছে, অনেক বড় চক্র। একদিকে লাবণ্য, মুখার্জি বাবুর পুত্রবধূর অসহায়তা আর অন্য দিকে মেঘনাদ চ্যাটার্জি, এক জন গ্লোবাল বিজনেস টাইকুন যাকে মুখার্জি বাড়ির লোকজনের আশেপাশে দেখা যায়। ঘটনাচক্রে রহস্যের যে জাল তৈরি হয়, ফেলুবক্সী এবং দেবযানী তার সমাধান কীভাবে করেন সেটাই দেখার।
সোহম চক্রবর্তীকে এই ছবিতে দেখা যাবে নামভূমিকায়, অর্থাৎ ফেলু বক্সীর চরিত্রে। অন্যদিকে, এই ছবিতে পরীমণির চরিত্রের নাম লাবণ্য এবং মধুমিতা সরকার এই ছবিতে অভিনয় করছেন দেবযানী নামে এক রেডিও জকির চরিত্রে। এই ছবির চিত্রনাট্য লিখেছেন ড. কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। সঙ্গীতের দায়িত্বে আছেন অদিতি বসু এবং অম্লান চক্রবর্তী। ছবি মুক্তি পাবে ২০২৫ সালের ১৭ ই জানুয়ারী।
