
সবাই জানেন শারীরবৃত্তীয় নানা কাজকর্ম পরিচালনা করার জন্যও হরেক রকম খনিজের প্রয়োজন পড়ে।গুরুত্বপূর্ণ খনিজের তালিকায় সোডিয়াম, পটাশিয়াম, ক্যালশিয়াম উপরের দিকে থাকলেও ম্যাগনেশিয়ামের ভূমিকাও কম নয়।
চিকিৎসকেরা বলেন, রক্তে পর্যাপ্ত মাত্রায় ক্যালশিয়াম, ভিটামিন ডি থাকার পরেও যদি হাড়ের সমস্যা হয়,তা হলে ম্যাগনেশিয়ামের মাত্রা পরীক্ষা করিয়ে নেওয়াই ভাল।আবার, কোনও কারণ ছাড়াই হঠাৎ মনখারাপ হওয়ার নেপথ্যেও কিন্তু এই খনিজের হাত থাকতে পারে। আবার, ঋতুচক্র স্বাভাবিক রাখতেও ম্যাগনেশিয়াম বড় ভূমিকা পালন করে।যেমন হঠাৎ পেশিতে টান।এই ধরনের সমস্যাকে খুব একটা গুরুত্ব দিতে চান না অনেকেই। সারা দিন জল খাওয়া কম হলে পায়ের পেশিতে হঠাৎ করে টান লাগতে পারে।সেই সমস্যা কিন্তু সাময়িক। চিকিৎসকেরা বলছেন, এমন পেশিতে টান লাগার সমস্যা যদি নিয়মিত হয়, তা হলে তা ম্যাগনেশিয়ামের ঘাটতির লক্ষণ হতে পারে।আবার অনিয়ন্ত্রিত হৃৎস্পন্দন একটা সমস্যা। আসলে হৃৎস্পন্দেরও একটি ছন্দ আছে। সুস্থ, স্বাভাবিক মানুষের হৃদ্যন্ত্র সেই ছন্দ মেনেই চলে। তবে রক্তে ম্যাগনেশিয়ামের মাত্রা কমে গেলে কারও হৃৎস্পন্দনের হার হঠাৎ কমে বা বেড়ে যেতে পারে। চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় এই রোগ অ্যারিদ্মিয়া নামে পরিচিত।আবার ধরুন,তেমন কিছুই ঘটেনি, মনখারাপ হওয়ার কোনও কারণই খুঁজে পাচ্ছেন না, তবু মনখারাপ হচ্ছে। চিকিৎসকেরা বলছেন, এই সমস্যার নেপথ্যেও রয়েছে ম্যাগনেশিয়াম। স্নায়ুর কর্মকাণ্ড সুষ্ঠু ভাবে পরিচালনা করতে সাহায্য করে ম্যাগনেশিয়াম। বিভিন্ন সমীক্ষা থেকে প্রাপ্ত তথ্যে এক রিপোর্টেও একই কথা বলা হয়েছে।অনেকেই মনে করেন, হাড়ের স্বাস্থ্যের জন্য জরুরি দু’টি উপাদান হল ক্যালশিয়াম এবং ভিটামিন ডি।তবে বিভিন্ন গবেষণা থেকে জানা গিয়েছে,এই দু’টি উপাদানের পাশাপাশি হাড়ের যত্নে ম্যাগনেশিয়াম কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত ম্যাগনেশিয়াম না থাকলে অস্টিয়োপোরোসিসের সমস্যাও বেড়ে যেতে পারে।অনেকে আবার অল্প পরিশ্রমে ক্লান্ত বোধ করেন।পরিশ্রম করলে ক্লান্ত লাগা স্বাভাবিক। কিন্তু ঘুম থেকে ওঠার পরও যদি ঘুম পায়, ক্লান্ত লাগে, তা সুস্থ মানুষের ক্ষেত্রে খুব একটা স্বাভাবিক নয়।
চিকিৎসকেরা বলছেন, এই ক্লান্তির কারণও হতে পারে ম্যাগনেশিয়ামের ঘাটতি।এখন প্রশ্ন হল,কোন কোন খাবার থেকে ম্যাগনেশিয়াম পাবেন? উত্তর হল জোয়ারের তৈরি রুটিতে ভরপুর ম্যাগনেশিয়াম থাকে। চিনেবাদাম, ওট্স,পালংশাক, মটরশুঁটি, ঢেঁড়শ খেলেও ম্যাগনেশিয়ামের ঘাটতি মিটতে পারে।ব্রোকোলিতেও প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম থাকে। অঙ্কুরিত ছোলা, কাঠবাদামেও এই খনিজের মাত্রা বেশি।








