
আচমকা মেঘভাঙা বৃষ্টি এবং তার জেরে ভয়াবহ হড়পা বানে বিপর্যস্ত হয়ে পড়েছে জম্মু-কাশ্মীরের ডোডা জেলা। বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চলজুড়ে নেমে আসা এই প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ডোডার ভালেসা এলাকা।
মুষলধারে বৃষ্টির জেরে পাহাড়ি ঢালু রাস্তা বেয়ে কাদা এবং পাথরের স্তূপ নিয়ে হুড়মুড়িয়ে নেমে আসে নীচের দিকে। ফলে ধুয়ে মুছে গেছে যাতায়াতের পথ। সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশ কয়েকটি প্রত্যন্ত গ্রাম।এরপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা পরিষ্কারের কাজে নেমেছে স্থানীয় প্রশাসন।ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখার পাশাপাশি সাধারণ মানুষকে আপাতত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ওই এলাকায় যাতায়াত এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে এই মারাত্মক দুর্যোগ, পিচ্ছিল রাস্তাঘাট এবং লাগাতার ভারী বৃষ্টির পূর্বাভাসের জেরে প্রতিবেশী কিশতওয়ার জেলায় সুরক্ষামূলক পদক্ষেপ হিসেবে বিখ্যাত মাচাইল মাতা যাত্রা এবং মিন্ধাল মাতা যাত্রা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। স্থানীয় প্রশাসনের তরফ থেকে পুণ্যার্থীদের স্পষ্ট জানানো হয়েছে, তাঁরা যেন এই মুহূর্তে তীর্থযাত্রার উদ্দেশ্যে রওনা না দেন এবং পরবর্তী আপডেটের জন্য প্রশাসনের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখেন।
