বার্সেলোনায় নতুন চুক্তি চান না ফ্লিক

0
140
ছবি সৌজন্যে : এক্স

মাঠে সবকিছুই দুর্দান্ত হচ্ছে বার্সেলোনার। সিজনের মাঝামাঝিতে একটি ট্রফি ঘরে উঠেছে, আরও তিনটির উজ্জ্বল সম্ভাবনা জাগিয়ে তুলেছে তারা। দলের এই সুখময় যাত্রায় কোচ হান্সি ফ্লিকও দারুণ উচ্ছ্বসিত। তবে, নতুন চুক্তির প্রসঙ্গ উঠতেই নিজেকে যেন গুটিয়ে নিলেন তিনি। এমন নয় যে, ঠিকানা বদলের ভাবনা পেয়ে বসেছে তাকে। আসলে খুব দূরের ভবিষ্যৎ নিয়ে ভাবতে চান না কোচ হান্সি ফ্লিক। জার্মানের কোচিংয়ে বার্সেলোনার পারফরম্যান্সে যেন সেই সোনালী সময় উঁকি দিচ্ছে।

মেসি-শাভি-ইনিয়েস্তা, পরবর্তীতে যোগ হওয়া নেইমার-সুয়ারেসদের কাঁধে চড়ে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল কাতালান ক্লাবটি। প্রতিপক্ষকে প্রায়ই ছিন্নভিন্ন করে দিত তারা।তারা দল ছেড়ে যাওয়ার পর, মাঝের পালাবদলের অধ্যায় শেষে, ফ্লিকের আক্রমণাত্মক কৌশলে আবার পুরোনো রূপে ফিরেছে দলটি। রাফিনিয়া-রবের্ত লেভানদোভস্কি-লামিনে ইয়ামালে গড়া আক্রমণত্রয়ী নিয়মিত সমর্থকদের দিচ্ছে গোল উৎসবের আনন্দ। রক্ষণ আর মাঝমাঠেও দারুণ ছন্দে আছে দলটি। দলের এমন দাপুটে রূপ বেশ উপভোগ করছেন ফ্লিক। লা লিগার টেবিলে শীর্ষে আছে বার্সেলোনা এবং কোপা দেল রেতে উঠেছে ফাইনালে।

আর চ্যাম্পিয়ন্স লিগে সেমি-ফাইনালের ওঠার পথে এগিয়ে গেছে তারা। দলের এমন নজরকাড়া উন্নতি যার হাত ধরে, সেই কোচ হান্সি ফ্লিককে নিশ্চয় ক্লাব ধরে রাখতে চাইবে অনেক দিন। কিন্তু তার যে চুক্তির মেয়াদের বাকি আছে মাত্র আর এক সিজন।বিষয়টি নিয়ে তাই নিয়মিত আলোচনাও হচ্ছে। এদিকে,লা লিগায় আট রাউন্ড বাকি থাকতে, ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা, দ্বিতীয় স্থানের রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে।