কালীপুজোয় কলকাতায় আসার বিমানভাড়া গগনচুম্বী

0
75
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ নির্দেশ দিয়েছিল, উৎসবের মরসুমে কোনও ভাবেই বিমানের ভাড়া যাতে সাধ্যের বাইরে না বেরিয়ে যায়, তা নিশ্চিত করতে হবে। তার জন্য চাহিদা অনুযায়ী বিভিন্ন বিমান সংস্থাকে উড়ানের সংখ্যা বৃদ্ধি করতে বলা হয়েছিল। কিন্তু নির্দেশই সার।
কালীপুজোর মুখে কলকাতায় আসার বিমান ভাড়া আকাশ ছুঁয়ে ফেলেছে। মুম্বই থেকে কলকাতায় আসতে যেখানে সাত থেকে আট হাজার টাকা লাগত, বুধবার সেখানে লেগেছে ২৭ হাজার টাকা। বেঙ্গালুরু, দিল্লির মতো শহর থেকেও কলকাতায় আসার বিমানের টিকিটের দাম আগের চেয়ে অনেক বেড়ে গিয়েছে। ইকনমি ক্লাসের পাশাপাশি বিজনেস ক্লাসের টিকিটের দামও বেড়েছে পাল্লা দিয়ে। দেখা গিয়েছে, মুম্বই থেকে কলকাতায় আসার ইকনমি ক্লাসের বিমান ভাড়া বৃহস্পতিবারও ২৭ হাজারের কাছাকাছি। শনিবার ওই টিকিটের দাম সাড়ে ২৬ হাজার টাকা। সাধারণ ভাবে গড়ে এই টিকিটের দাম পড়ে সাত থেকে আট হাজার। বিজনেস ক্লাসে সাধারণ ভাবে ৩০ থেকে ৩৫ হাজার টাকা লাগে কলকাতায় আসতে।
এখন তার দাম ৭০ হাজার ছাড়িয়ে গিয়েছে। বেঙ্গালুরু থেকেও কলকাতায় আসতে সাধারণ ভাবে সাত থেকে আট হাজার টাকা খরচ হওয়ার কথা। বৃহস্পতিবার সেই টিকিটের দাম ছিল সাড়ে ১৫ হাজার টাকা, শুক্রবার সাড়ে ১৮ হাজার টাকা। এই ভাড়া অবশ্য শুধু আসার ক্ষেত্রে। কলকাতা থেকে মুম্বই, দিল্লি বা বেঙ্গালুরুতে যাওয়ার বিমান ভাড়া আগের মতোই রয়েছে।