
মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব পড়ল ভারতের সংগীতাঙ্গনেও। সংঘাতের কারণে নিরাপত্তাজনিত উৎকণ্ঠা ও যাতায়াতব্যবস্থা বিঘ্নিত হওয়ায় তার নির্ধারিত ভারত সফর বাতিল করেছেন বাহরাইনি র্যাপার ফ্লিপারচি।
ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিতব্য বহুল আলোচিত ইউএন৪০ উৎসবে তার পারফর্ম করার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে আয়োজক প্রতিষ্ঠান তার অংশ না নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্য ও বাহরাইনের বর্তমান পরিস্থিতির কারণে ফ্লিপারচির পক্ষে এই মুহূর্তে ভ্রমণ করা অসম্ভব হয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বিবৃতিতে তারা দুঃখ প্রকাশ করে বলেছেন, ফ্লিপারচিকে লাইনআপে রাখার ব্যাপারে ব্যাপক উৎসাহ থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার খাতিরে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
উল্লেখ্য, রণবীর সিং ও অক্ষয় খান্না অভিনীত ধুরন্ধর সিনেমার,এফএ৯এলএ গানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ভারতে এই র্যাপারের জনপ্রিয়তা আকাশচুম্বী হয়ে ওঠে। তার সরাসরি পরিবেশনা দেখার জন্য অপেক্ষায় ছিলেন অসংখ্য অনুরাগী।









