
ভয়াবহ বন্যা ও ধসে নেপালে মৃত্যু হয়েছে প্রায় ২৫০ জনের। এই পরিস্তিথিতে সরকারের ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।
সাংবাদিক বৈঠকে কেপি শর্মা ওলির আর্জি, উদ্ধারকাজ এবং পুনর্বাসনে সকলে সহায়তা করুন। দেশের নানা প্রান্ত থেকে এখনও পর্যন্ত ৪ হাজার ৩৩১ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে নেপাল সরকার। উদ্ধারকাজে তাদের গাফিলতি শুধরে নেওয়ার চেষ্টা করছেন। এত বড় প্রাকৃতিক দুর্যোগের জন্য সরকার প্রস্তুত ছিল না। এক সপ্তাহ ধরে ভয়াবহ ধস এবং বন্যায় লন্ডভন্ড অবস্থা নেপালের বিস্তীর্ণ অঞ্চলের।হাজারের বেশি মানুষ গৃহহীন। পূর্ব এবং মধ্য নেপাল সর্বাধিক ক্ষতিগ্রস্ত।নেপালের মুখ্য সচিব একনারায়ণ আরিয়াল জানিয়েছেন, দেশের মোট ১ হাজার ৭০০ কোটি টাকার ক্ষতি হয়েছে এই দুর্যোগে। বন্যা এবং ধসে এখনও পর্যন্ত ২৪১ জনের মৃত্যু হয়েছে। ২৯ জন নিখোঁজ, ১২৬ জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।গত দু’দিনে বন্যা কবলিত একাধিক এলাকা থেকে বিদেশি পর্যটক এবং ট্রেকার-সহ মোট ৯০০ জনকে হেলিকপ্টারে উদ্ধার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র ঋষিরাম তিওয়ারি বলেছেন, নেপালের সেনা কপ্টার ৬৮৩ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে গিয়েছে।এছাড়াও উদ্ধারকাজে ব্যবহৃত হয়েছে প্রাইভেট কপ্টার। ২০০ জন বিদেশি ট্রেকারদের উদ্ধার করা হয়েছে।
