
পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পুরসভার সবকটি ওয়ার্ড কার্যত জলের তলায়। রাস্তা না নদী বোঝা দায়।স্থানীয়দের ভরসা ডিঙি, নৌকা। আর তাতেই চলছে যাতায়াত।
ফুঁসছে শীলাবতী এবং ঝুমি নদী। প্রতিবছরই জলযন্ত্রণার মুখে পড়তে হয় ঘাটালবাসীদের। বিঘের পর বিঘে জমি কার্যত জলের তলায়। অন্যদিকে চন্দ্রকোণায় জল নামতেই দুর্ভোগের ছবি চারদিকে। নষ্ট হয়ে গিয়েছে চাষের জমি। ভেঙে গিয়েছে রাজ্য সড়ক। এদিকে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে বন্যার জলে তলিয়ে যাওয়া ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। জল নামতেই সকালে চাষের জমিতে দেহ মেলে ওই ব্যক্তির। শুক্রবার থেকেই নিখোঁজ ছিলেন স্থানীয় বাসিন্দা তুলসি রুইদাস। বন্যা পরিস্থিতি গড়বেতাতেও। গড়বেতার চারটি ব্লক কার্যত জলের তলায়। প্রশাসনের তরফে মানুষজনকে উদ্ধার করে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসনের তরফে ২১টি ত্রাণ শিবির খোলা হয়েছে। সেখানে প্রায় আড়াই হাজার মানুষ রয়েছেন।
এরইমধ্যে শুক্রবার রাত থেকে জল ছাড়া শুরু করেছে ডিভিসি। শনিবার সকালে ৭০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে দুর্গাপুর ব্যারাজ থেকে। ফলে রবি এবং সোমবার বৃষ্টি বাড়লে নতুন করে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।








