
টানা বৃষ্টির জেরে উত্তরপ্রদেশের ১৭ জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও নদীগুলি আবার বিপদসীমার উপর দিয়ে বইছে। তবে সবচেয়ে খারাপ পরিস্থিতি বারাণসী এবং প্রয়াগরাজে। যারফলে বুধবার পর্যন্ত বারাণসীতে সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার বারাণসীর প্লাবিত এলাকাগুলি পরিদর্শনে যান রাজ্যের মন্ত্রী সুরেশ কুমার।
মন্ত্রী জানিয়েছেন, যে ভাবে উদ্ধারকাজ হচ্ছে, তা নিয়ে স্থানীয় বাসিন্দারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। লাগাতার বৃষ্টির জেরে গঙ্গার জলস্তর বিপদসীমা ছুঁয়ে ফেলেছে বারাণসী এবং প্রয়াগরাজে। এই পরিস্থিতিতে কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তাই গঙ্গার ঘাটগুলিতে নজরদারি চালানো হচ্ছে। গঙ্গায় ফেরি চলাচল সাময়িক ভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বারাণসীর অলিগলিতে গঙ্গার জল ঢুকে পড়েছে। নমো ঘাট, অস্সি ঘাট ডুবে গিয়েছে। বসতি এলাকায় জল ঢুকে পড়ায় নৌকা করে উদ্ধারকাজ চালানো হচ্ছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্লাবিত জেলাগুলিতে নজরদারি এবং ত্রাণকাজ চালানোর জন্য ১১টি দল গঠন করেছেন। রাজ্যে ইতিমধ্যেই বৃষ্টি এবং বন্যা পরিস্থিতিতে ১২ জনের মৃত্যু হয়েছে।









