
এক টানা বৃষ্টিতে গুজরাটের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ইতিমধ্যে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৫ জনের।
উদ্ধার করা হয়েছে প্রায় ৩০০ জনকে। ইতিমধ্যেই ২৩ হাজারেরও বেশি মানুষকে বন্যা প্রবণ এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। শুধুমাত্র বরোদা ও পঞ্চমহলে ১২ হাজারেরও বেশি মানুষকে স্থানান্তরিত করেছে প্রশাসন।মাসখানেক পেরিয়ে গেলেও বৃষ্টি থামার নাম নেই উপকূলে। এক টানা ভারী বৃষ্টিতে বিপদসীমা পেরিয়েছে গুজরাটের বহু নদী। গোল্ডেন ব্রিজের কাছে নর্মদা বিপদসীমার উপর দিয়ে বইছে। ফুঁসছে বিশ্বামিত্রী নদীও। এদিকে, উদ্ধারকাজে তৎপরতা আনতে রাজ্যে দ্বারকা, আনন্দ, বরোদা, খেদা, মোরবি এবং রাজকোট জেলায় ভারতীয় সেনার কয়েকটি দলকে নামানো হয়েছে। এছাড়াও রয়েছে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর মোট ৩৬টি দল। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। রাজ্যজুড়ে জারি হয়েছে সতর্কতা। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপরেও জারি হয়েছে নিষেধাজ্ঞা।
