
বৃষ্টিতে গুজরাটের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে মোট ২৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
বন্যা কবলিত এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ১৮ হাজার জনকে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার গুজরাটের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেল হেলিকপ্টারে করে বন্যাবিধ্বস্ত দেবভূমি দ্বারকা এবং জামনগর এলাকাগুলি ঘুরে দেখেছেন। সঙ্গে ছিলেন রাজ্যের আধিকারিকরা। সেই সঙ্গে দ্বারকা জেলায় খাম্বালিয়া ত্রাণশিবিরে গিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী। এই বন্যায় সবথেকে বেশি খাম্বালিয়াতেই ক্ষতিগ্রস্থ হয়েছে। এখান থেকে বিকেলে জামনগর ও ভাদোদারার উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী। রবিবার থেকে শুরু হওয়া বৃষ্টির জেরে গুজরাটে বিশ্বামিত্রি-সহ বেশ কয়েকটি নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দেবভূমি দ্বারকা, জামনগর, রাজকোট এবং পোরবন্দর জেলায়। জলমগ্ন এলাকাগুলি থেকে বাসিন্দাদের উদ্ধার করতে যৌথভাবে অভিযান চালাচ্ছে সেনা এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা দল।
